বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার এ কে এম শহিদুল ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। দলটি দীর্ঘদিন ধরে মানুষের বাক ও ব্যক্তি-স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শুধুমাত্র মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
এ কারণে এ কে এম শহিদুল ইসলামের গ্রেপ্তারকে অযৌক্তিক আখ্যা দিয়ে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানানোর আহ্বান জানায় বিএনপি।
এর আগে, শনিবার সকালে রাজধানীর শাহবাগ এলাকা থেকে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রেপ্তারের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করছিলেন। এ সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

