রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নতুন পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’

ডেস্ক রিপোর্ট।।

আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই সরকারি বিনামূল্যের পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ পড়তে পারবে। রবিবার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে (www.nctb.gov.bd) নতুন পাঠ্যবইগুলো প্রকাশ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি, শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের কপি বিতরণ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে নানা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে এবার বই থেকে ‘বঙ্গবন্ধু’ নাম সরিয়ে তার স্থলে যুক্ত করা হয়েছে ‘শেখ মুজিবুর রহমান’। এনসিটিবি সূত্র জানিয়েছে, মাধ্যমিক স্তরের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ক সব পাঠ্যবইয়েই এই পরিবর্তন করা হয়েছে।

এনসিটিবি জানিয়েছে, অষ্টম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ পাঠ্যবইয়ের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম’ অধ্যায়ের ‘পাঠ-২: ৭ই মার্চের ভাষণ’-এ সাত জায়গার মধ্যে ছয় জায়গায় ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’ যুক্ত করা হয়েছে। তবে শিরোনাম বা উপাধিতে ‘বঙ্গবন্ধু’ নাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চিঠির ভিত্তিতে এনসিটিবি এই সংশোধনের উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষাবইয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে শিক্ষার্থীদের পরিচয় করানো হতো।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান আগরতলা মামলার চার্জশিট থেকে অব্যাহতি পান। পরের দিন, ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসভায় তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন