সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জামায়াতের নেতৃত্বে আন্দোলনরত আট দলের আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা এবং শোষণ-বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। এই ধারাবাহিকতায় এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি জোটে যুক্ত হয়েছে।
তিনি জানান, এনসিপির সঙ্গে ইতোমধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। সময় স্বল্পতার কারণে তারা সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে অংশ নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এনসিপি শিগগিরই নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরবে বলে জানান তিনি।
জামায়াত আমির বলেন, ৩০০ আসনেই নির্বাচনি সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশ আসনে ঐকমত্যে পৌঁছানো গেছে। তবে নতুন করে যুক্ত হওয়া দলগুলোর কারণে কিছু কারিগরি বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যা মনোনয়ন দাখিলের পর আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। এ বিষয়ে কোনো ধরনের বিলম্ব বা পরিবর্তন জাতি মেনে নেবে না।
সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এখনো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পক্ষপাত, ভয়ভীতি বা প্রভাব বিস্তার গ্রহণযোগ্য হবে না।
তিনি আরও বলেন, বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে সমমনা জোট ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে ২০২৪ সালের গণআন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ডা. শফিকুর রহমান শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই জোট শুধু নির্বাচনকেন্দ্রিক নয়; এটি রাজনৈতিক আন্দোলন ও রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি জোট। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ভবিষ্যতেও দলগুলো একসঙ্গে কাজ করবে।
সংবাদ সম্মেলনে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

