ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম।
তিনি বলেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চলতি মাসে ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির মৃত্যুসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনের সময় ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার ঘটনাও বাংলাদেশকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এসব ঘটনাকে বাংলাদেশ ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখছে।
এস এম মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে যে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করবে এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে। তিনি আরও বলেন, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব তার সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে চলা।
বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার বিষয়ে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

