এনসিপির ভেতরে নেতৃত্ব পর্যায়ে পদত্যাগের ধারাবাহিকতার মধ্যেই নতুন রাজনৈতিক সমীকরণের আভাস মিলছে। সদ্য পদত্যাগ করা এনসিপির আলোচিত দুই নেত্রী ডা. তাসনিম জারা ও ডা. তাজনূভা জাবীনের পাশাপাশি আরও কয়েকজন নেতা দল ছাড়তে পারেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে। এই পরিস্থিতিতে পদত্যাগকারীদের দলে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছেন আমজনতার দলের আহ্বায়ক মো. তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মো. তারেক রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের কারণে যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগ করছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা উন্মুক্ত। তিনি উল্লেখ করেন, তার দল রাজনীতিতে যুক্তি ও আদর্শের দ্বন্দ্বে বিশ্বাসী হলেও অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে কখনো যুক্ত ছিল না।
পোস্টে তারেক রহমান আরও লেখেন, প্রয়োজন হলে দলের জন্য জনগণের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে, কিন্তু কখনো জোরপূর্বক অর্থ সংগ্রহ করা হয়নি। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তিনি পদত্যাগকারী নেতাদের সহযোগিতার আশ্বাসও দেন এবং বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সিদ্ধান্ত নেওয়ায় তাদের জন্য রাজনৈতিক ছাড় দেওয়া হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট নিয়ে দলটির ভেতরে মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর জেরে শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরদিন রোববার দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনও পদত্যাগ করেন এবং তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানান।
এ ছাড়া জোট প্রশ্নে আপত্তি জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিতভাবে তাদের মতামত জানিয়েছেন।
তবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

