মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

এনসিপি মানুষের আবেগ নিয়ে প্রতারণা না করলেও তারা পারতেন: আব্দুল কাদের

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতাদের উদ্দেশে সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, মানুষের আবেগ নিয়ে প্রতারণা না করলেও তারা পারতেন।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগ দেওয়ার খবর প্রকাশের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের লেখেন, “আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় বৈঠকের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটি আজ এসে পূর্ণতা পেয়েছে।” এই পুরো প্রক্রিয়ায় যারা কাজ করেছেন, তাদের অভিনন্দন জানালেও নাহিদ ইসলামদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

এর আগে রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

ডা. শফিকুর রহমান বলেন, জোটের দলগুলোর মধ্যে আলোচনা করে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও কিছু দল আগ্রহ দেখালেও আপাতত তাদের যুক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এনসিপির জোটে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন