মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

এনসিপিতে ভাঙন অব্যাহত, এবার দল ছাড়লেন মওলানা ভাসানীর নাতি

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী। এতে করে দলটি থেকে একের পর এক নেতার পদত্যাগের ধারাবাহিকতায় নতুন সংযোজন হলো।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের কথা জানান তিনি। পোস্টে আজাদ খান ভাসানী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তবে বাস্তব অভিজ্ঞতায় দলটির মধ্যে সেই প্রত্যাশিত রাজনৈতিক দায়বদ্ধতা ও গণমানুষকেন্দ্রিক চিন্তার ঘাটতি লক্ষ্য করেছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এনসিপি প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি। এ কারণেই মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থান এবং মওলানা ভাসানীর আদর্শের প্রতি দায়বদ্ধতা থেকে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এনসিপির সঙ্গে স্বল্প সময়ের পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন আজাদ খান ভাসানী। একই সঙ্গে তরুণদের নেতৃত্বে গঠিত দলটির প্রতি শুভকামনাও জানান তিনি।

এর আগে চলতি বছরের ৬ সেপ্টেম্বর এনসিপির কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন করা হয়, যেখানে আজাদ খান ভাসানীকে প্রধান সমন্বয়কারী করা হয়েছিল।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন ইস্যুতে অসন্তোষ প্রকাশ করে এনসিপির কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের একাধিক নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। এতে দলটির অভ্যন্তরীণ সংকট আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন