দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফেরেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান এবং দুই তলার বারান্দা থেকে অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি’ পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অসংখ্য নেতাকর্মী।
তারেক রহমানের আগমনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এই ঘটনার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

