পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের পালাতে সহায়তার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করার সংবাদ গুজব। সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি স্পষ্ট করেছেন।
এর আগে ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ৫ জন বাংলাদেশিকে আটক করেছে। পোস্টে উল্লেখ করা হয়, আটকরা হলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।
পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিক্রিয়ায় জানিয়েছে, “সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যা প্রতিবেশী দেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে যুক্ত নাগরিকদের আটক দেখাচ্ছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”
এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশের মাধ্যমে জানা গেছে, ফয়সাল করিমের দুই সহায়তাকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এ তথ্য প্রকাশের পরই ভারতের হিন্দুস্তান টাইমস অনলাইন জানিয়েছে, বিএসএফ ও মেঘালয় পুলিশ ডিএমপির দাবি প্রত্যাখ্যান করেছে। তবে ডিএমপি জানাচ্ছে, গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মেঘালয় পুলিশকে সহায়তাকারীদের ধরার তথ্য প্রদান করা হয়েছিল।
এ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে ঢাকা ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তৎপর রয়েছে।
