বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যু এমন একটি ক্ষতি, যা কখনোই পূরণ হওয়ার নয়। এই শোক ও বেদনা ধারণ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন।
তিনি আরও বলেন, “আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করতে চাই।” ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজার সঞ্চালনার দায়িত্ব পালন করবেন বলে জানান মির্জা ফখরুল। পাশাপাশি তিনি শোকের দিনে দলীয় নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

