সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহর আমীর ও দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা হযরত মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমেদ হুসাইন।
মঙ্গলবার দুপুরে সংগঠনের নাযেমে আ’লার স্বাক্ষরিত এক শোকবার্তায় পীর ছাহেব কেবলা বলেন, মরহুমা খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আপোষহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের ও জনগণের সেবায় নিজেকে উজাড় করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিতে অটল থেকে দেশের মর্যাদা সমুন্নত রেখেছেন।
তিনি প্রার্থনা করেন, “মহান আল্লাহ পাক মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মাকে রহম করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
পীর ছাহেব কেবলা স্মৃতিচারণকালে বলেন, তার দাদা মরহুম মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রগাঢ় সম্পর্ক ছিল। পরে তিনি খালেদা জিয়ার প্রতি দরবারের শ্রদ্ধার নজর রাখতেন।
তিনি বলেন, দেশের জন্য যখন মান্য, পরীক্ষিত ও আপোষহীন নেতৃত্বের প্রয়োজন ছিল, তখনই খালেদা জিয়া দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন।
পীর ছাহেব কেবলা মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য্যধারনের পরামর্শ দেন। তিনি তারেক রহমানকে আহ্বান জানান, মায়ের শোককে শক্তিতে রূপান্তর করে পিতার আদর্শ ও নীতিতে অটল থেকে দলের ও দেশের সেবায় অবিচল থাকার জন্য।
এছাড়া, পীর ছাহেব কেবলা বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহ ও এর অঙ্গসংগঠন এবং দেশের ৩,০০০-এর বেশি দ্বীনিয়া মাদ্রাসায় কুরআন খতম ও খতমে তাহলীল পাঠ করার নির্দেশ দিয়েছেন। তিনি সকল মুসলমানদের মরহুমার জানাজার নামাজে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

