রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএলের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের দুই ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরপর ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে মিটিং করে বিসিবি সিদ্ধান্ত নেয়, স্থগিত হওয়া ম্যাচগুলো আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকাল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮টায়। উভয় ম্যাচই একই মাঠে হবে।

মঙ্গলবার সিলেট পর্বের চতুর্থ দিনে দুটি খেলার সূচি ছিল। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস, বিকাল ৩টায় দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুতে সকালেই শোক প্রকাশের কারণে দুটি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবি জানিয়েছে, বুধবারের খেলার জন্য নতুন টিকিট কাটা লাগবে না। মঙ্গলবার যারা টিকিট কিনেছেন, তারা সেই টিকিট ব্যবহার করে খেলা দেখতে পারবেন। ফলে সিলেট পর্বের শেষ তিন দিনই বিপিএলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন