সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা এবং তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নেপাল-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ভূমিকার সম্মান জানানোর অংশ।
জানাজা শেষে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) কাঠমান্ডু ফিরে যাবেন।
এর আগে, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ কয়েকটি দেশের প্রতিনিধি।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে তার প্রয়াত স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার এক দিনের সাধারণ ছুটি পালন করা হচ্ছে।

