রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া

অনলাইন ডেস্ক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন।

একই সময়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দলের ক্রিকেটার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রীড়া সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীরা অংশ নেন।

জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জানাজা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের অতিথিরা। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।

রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন