বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার মৃত্যুতে চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন পালিত হচ্ছে। তার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে, যা শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।

রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির অংশ হিসেবে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সকালে সচিবালয় ঘুরে দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অনেক কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেছেন। তবে শোকাবহ পরিবেশের মধ্যেও সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বিকেল পাঁচটার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন। জানাজাকে ঘিরে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগমের সৃষ্টি হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন