মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অসুস্থ হয়ে মারা গেছেন নিরব হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

ঘটনার খবর পেয়ে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহতের মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন। এ সময় তিনি মরহুমের ভাই মুসফিকুর রহমান ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারের প্রতি তারেক রহমানের গভীর সমবেদনা পৌঁছে দেন।

ডা. পারভেজ রেজা কাকন জানান, জানাজার সময় অতিরিক্ত জনসমাগম ও ভিড়ের কারণে নিরব হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. এ কে এম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসানসহ ড্যাব ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন