পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় পোনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উত্তর শিয়ালকাঠি গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও কামলা খলিফা (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী হাফিজুল খানকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে রফিকুল ইসলাম ও কামলা খলিফাকে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভাণ্ডারিয়া কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়। অভিযানে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামের আরেক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
তিনি আরও জানান, অবৈধভাবে মাছ শিকার বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

