সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

নতুন বছরের প্রথম দিনেই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট।।

বিদায়ী ২০২৫ সালে দীর্ঘ সময় দরপতনের মধ্য দিয়ে গেলেও নতুন বছর ২০২৬ সালের প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম—উভয় শেয়ারবাজারেই সূচক বেড়েছে, সেই সঙ্গে দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান।

লেনদেন শুরুর পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। দিনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকায় সবকটি মূল্যসূচক বেড়েই লেনদেন শেষ হয়।

দিন শেষে ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬৬টির দাম কমেছে এবং ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভালো কোম্পানি হিসেবে পরিচিত ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। মাঝারি মানের কোম্পানিগুলোর মধ্যে ৫৯টির দাম বাড়লেও ৮টির কমেছে।

এ ছাড়া ‘জেড’ শ্রেণিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৬২টির শেয়ার দর বেড়েছে। কমেছে ২০টির এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত ৩৫টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১টির দর বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৯ পয়েন্টে।

সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১৪ কোটি টাকার বেশি।

লেনদেনে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, যার শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪ লাখ টাকার। এরপর রয়েছে উত্তরা ব্যাংক ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। শীর্ষ ১০ লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে সোনালী পেপার, সিটি ব্যাংক, রহিমা ফুড, সায়হাম কটন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক চিত্র দেখা গেছে। বাজারটির প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৮১ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ১৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দাম বেড়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা।

নতুন বছরের শুরুতেই এমন উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন