পাবনা শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), একই এলাকার মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) এবং পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন (৩৫)।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এ অভিযানে দুজনকে আটক করা হয়।
একই সময়ে ডিবি পুলিশের আরও দুটি দল পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে। দক্ষিণ রাঘবপুর এলাকার হাদিউলের একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। অপরদিকে পূর্ব শালগাড়িয়া এলাকার আওয়ালের বাসা থেকে তিন রাউন্ড গুলিসহ আরও দুজনকে আটক করা হয়।
এ ছাড়া অভিযানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

