বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

হাদি হত্যা মামলা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির দুই সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে জবানবন্দি গ্রহণের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বক্তব্য রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী জেলার সদর থানার তরুয়া এলাকার মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করে র‍্যাব। ওই অভিযানে মো. ফয়সালকে আটক করা হয়। পুলিশ জানায়, ফয়সাল প্রধান আসামি শ্যুটার ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়। এ মামলায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মো. কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম, এবং আত্মগোপনে সহায়তাকারী আমিনুল ইসলাম রাজু।

এদের মধ্যে হুমায়ুন কবির, হাসি বেগম, সামিয়া, লিমা, সিপু ও রাজু ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে নুরুজ্জামান নোমানীকেও কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন