সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকের মধ্যেই রাজনৈতিক ঐক্যের নতুন সুর শোনা গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে জামায়াত আমির জানিয়েছেন, দেশের আগামী পাঁচ বছরের রাজনীতিতে জাতীয় ঐক্যের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে আমরা একসঙ্গে বসে দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি। অতীতের মতো রাজপথেও আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পারি।”
ডা. শফিকুর রহমান বলেন, “খালেদা জিয়া আজীবন গণতন্ত্র রক্ষায় লড়েছেন। তার অবদান দেশের ইতিহাসে স্বতন্ত্রভাবে লেখা আছে। তার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো ও তার রুহের মাগফিরাত কামনা করা গুরুত্বপূর্ণ।” তিনি আরও অভিযোগ করেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সময়মতো অনুমতি না দেওয়ায় ক্ষতি হয়েছে।
বৈঠকে নির্বাচন পরবর্তী রাষ্ট্রগঠন, জাতীয় ঐক্য ও দেশের রাজনৈতিক পরিবেশকে সুসংহত করার বিষয়েও আলোচনা হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই আগামী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নির্বিঘ্ন হোক। দেশের জন্য একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।”

