মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট।।

খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে সাংবিধানিকভাবে পরিবর্তন এলেও দলীয়ভাবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।

দলীয় সূত্রগুলো বলছে, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আলাদা কোনো ঘোষণা ছাড়াই তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে জাতীয় শোকের আবহ এবং দলীয় শোক কর্মসূচির কারণে বিষয়টি প্রকাশ্যে আনতে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় তিন দিনের শোক আজ শেষ হলেও বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হচ্ছে। এই প্রেক্ষাপটে স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হতে পারে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন খালেদা জিয়া। রাজনীতিতে যুক্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং টানা ৪১ বছর এ দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। গঠনতন্ত্রের ৭ (গ) ধারার বিধান অনুসারে চেয়ারম্যানের অনুপস্থিতিতে এবং পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন—এই ধারাবাহিকতায় তিনি দীর্ঘদিন ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুর ফলে গঠনতন্ত্রের একই ধারার উপধারা অনুযায়ী তারেক রহমান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে এখনও তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই উল্লেখ করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকের সময়ে পদ-পদবি নিয়ে আলোচনা মুখ্য নয়। তবে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন