বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার রাতে রংপুর রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন রিপন মন্ডল। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে এক লাখ টাকা বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী কর্তৃপক্ষ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোনাসের বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। শুধু রিপন নন, দলের অন্যান্য খেলোয়াড় ও স্টাফরাও জয়ের পুরস্কার হিসেবে বোনাস পাচ্ছেন।
মূল ম্যাচের শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। একপর্যায়ে সমীকরণ নেমে আসে ২ বলে মাত্র ১ রানে। এমন চাপের মুহূর্তে রিপন মন্ডল পঞ্চম বলে নুরুল হাসান সোহানকে আউট করেন। শেষ বলে ইয়র্কার লেন্থের বল মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে লাগলেও দুর্দান্ত ফিল্ডিংয়ের সুবাদে রানআউট হয়ে যায়, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সুপার ওভারে আবারও রিপনের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো বাউন্ডারি মারতে পারেননি রংপুরের ব্যাটাররা। জবাবে মাত্র ৭ রানের লক্ষ্য রাজশাহী তুলে নেয় ৩ বলেই।
এর আগে রাজশাহীর ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন সাহিবজাদা ফরহান। তিনি ৪৬ বলে ৬৫ রানের কার্যকর ইনিংস খেলেন, যা দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাচসেরা পারফরম্যান্সের জন্য রিপন মন্ডলকে এক লাখ টাকা বোনাস দেওয়া হচ্ছে। পাশাপাশি এস এম মেহেরব হাসান ও সাহিবজাদা ফরহানকে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।
এ ছাড়া দলের বাকি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ প্রত্যেক সদস্যকে ১৫ হাজার টাকা করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় ব্যবস্থাপনা জানায়, এই জয় ছিল সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদার মানসিকতার ফল—বোনাস তারই স্বীকৃতি।

