মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার সমাধিতে আজও মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে ভিড় করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন প্রিয় নেত্রীর সমাধিতে শ্রদ্ধা জানাতে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল থেকে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়া উদ্যানে এ চিত্র দেখা যায়। কেউ ফুল হাতে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ দোয়া করছেন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়।

চাঁদপুর থেকে আসা মনিরুল সরকার বলেন, জানাজায় অংশ নিতে না পারার কষ্ট দীর্ঘদিন মনে ছিল। সুযোগ পেয়ে আজ এখানে এসেছি। অন্তত কবর জিয়ারত করে কিছুটা শান্তি পেলাম।

ছুটির দিন হওয়ায় জিয়া উদ্যানে ঘুরতে আসা অনেক দর্শনার্থীকেও দেখা গেছে খালেদা জিয়ার কবরের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে। তাদের অনেকেই আগে কখনও এখানে না এলেও আজ বিশেষভাবে সমাধিতে আসেন।

গৃহবধূ রুবিনা আক্তার বলেন, পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলাম। ভেবেছি, সুযোগ যখন এসেছে, প্রিয় নেত্রীর কবরটাও দেখে দোয়া করে যাই। এত মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই বিরল।

নেতাকর্মী ও সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জিয়া উদ্যানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকের চোখে ছিল অশ্রু, আবার অনেকেই স্মৃতিচারণায় মগ্ন হয়ে পড়েন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন