মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

মনোনয়নপত্র বাতিলের পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন, তিনি বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি ভোটারের স্বাক্ষর সংযুক্ত করেছিলেন। কিন্তু যাচাই-বাছাইয়ের সময় দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত ১০ জন ভোটারের মধ্যে দু’জনকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে নিশ্চিত করা যায়নি।

তিনি জানান, যাদের তথ্য নিয়ে আপত্তি এসেছে, তাদের একজন জানতেনই না যে তিনি এ আসনের ভোটার নন। অন্যজন জাতীয় পরিচয়পত্রের হার্ড কপিতে থাকা ঠিকানা অনুযায়ী নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করতেন। তবে নির্বাচন কমিশনের ডাটাবেজে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

তাসনিম জারা আরও বলেন, তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী।

এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। তিনি জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা হলেও বাস্তব পরিস্থিতির কারণে কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন