মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্র, হলফনামা ও সংযুক্ত কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। ফলে নির্বাচন বিধিমালা অনুযায়ী তার প্রার্থিতা বৈধ বলে গণ্য করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন। দীর্ঘ ১৭ বছর পর সরাসরি নির্বাচনে অংশগ্রহণের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে প্রয়োজনীয় নথিপত্রে ঘাটতি ও অসংগতি থাকায় তিনটি রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত দিলরুবা নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনম মামুনুর রশিদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত আব্দুল্লাহ আল ওয়াকি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাসদ প্রার্থী দিলরুবা নূরী তার হলফনামার সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়ন বাতিল হয়। অন্য দুই প্রার্থীর কাগজপত্রেও বিভিন্ন ধরনের ত্রুটি পাওয়া গেছে।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন