রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিসিসিআইয়ের নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াডে থাকা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি কেকেআরও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকৃতি দিয়েছে। পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, “বিসিসিআইয়ের নির্দেশনায় নির্ধারিত প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আইপিএল নিয়ম অনুযায়ী কেকেআর একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি পাবে। বিস্তারিত পরে জানানো হবে।”

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ৯.২ কোটি রুপিতে দলে আনা হয়েছিল। এ হিসেবে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় হয়ে গিয়েছিলেন।

তবে ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই তার বহিষ্কারের দাবি জানিয়ে আসছিল। যদিও আইপিএল পরিচালনাকে প্রথমে আশ্বস্ত করা হয়েছিল যে রাজনৈতিক চাপ খেলোয়াড় নির্বাচনে প্রভাব ফেলবে না, শেষ পর্যন্ত বিসিসিআই ওই চাপকে অগ্রাধিকার দিয়েছে।

এ পর্যন্ত আইপিএলে আটটি মৌসুম খেলে মোস্তাফিজুর রহমানের ঝুলিতে আছে ৬৫ উইকেট।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন