জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে—এমন আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর জানান, আলোচনায় তারেক রহমান একটি মানবিক, বৈষম্যহীন ও সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে ঐক্য পরিষদের নেতারা দলের গুলশান কার্যালয়ে স্থাপিত শোক বইয়ে স্বাক্ষর করেন। শোক বইয়ে স্বাক্ষর শেষে তারা দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি ভবিষ্যতে সক্রিয় ভূমিকা পালন করবে।

