আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্বাচন কমিশনের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সারাদেশে নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা রয়েছে। ফলে দ্রুত এসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

