মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ৪টি এয়ারগান ও ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২ এর একটি দল কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি বাগানে অভিযান চালায়। বাগানের ভেতরে বাঁশঝাড়ের মধ্যে তল্লাশি চালিয়ে এসব এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে।
র্যাব আরও জানায়, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার করা এয়ারগান ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

