বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেট আসরে বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নজরে এসেছে। এ সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তিসংগত কারণ পাওয়া যায়নি।
এতে আরও উল্লেখ করা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। বিষয়টি দেশের ক্রিকেটপ্রেমীদের অনুভূতিতে আঘাত হেনেছে বলে মনে করছে সরকার।
এই প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব টেলিভিশন চ্যানেলকে আইপিএলের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

