প্রকাশ্যে চাঞ্চল্যকর এক খবর। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাই করার বিষয়ে নাকি জানতেনই না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অধিকাংশ কর্তা। বোর্ডের কোনও বৈঠকও হয়নি এই বিষয়ে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের কর্তারাও কিছু জানতেন না।
এক আইপিএল সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তা জানান, “আমরা সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছি। কোন আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি।” বোঝা যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল “সর্বোচ্চ পর্যায়” থেকে, এবং কেকেআরকে শুধু মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে বিসিসিআই সচিব জগদীপ শইকীয়া জানান, “সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেকেআরকে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন চায়, আমরা অনুমতি দেব।”
মোস্তাফিজকে আইপিএল থেকে ছাঁটাই করার এই ঘটনার জেরে বাংলাদেশও প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপে (৭ ফেব্রুয়ারি থেকে) ভারতে অংশ নেবে না এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে অনুরোধ করেছে, তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য।
এছাড়া, বাংলাদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সোমবার আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। সরকারের নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটিতে আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠান বা সম্প্রচার করা যাবে না।

