রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রোজায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি শিক্ষকদের

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় পুরো সময় খোলা রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে উল্লেখযোগ্য ছুটি না থাকায় তা সংশোধনের দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনগুলো।

সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রণীত সাম্প্রতিক ছুটির তালিকায় রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের উপ-সচিবের স্বাক্ষরিত একটি বাৎসরিক ছুটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দাপ্তরিকভাবে তালিকাটির সত্যতা এখনো নিশ্চিত নয়। যদি তালিকাটি সঠিক হয়ে থাকে, তাহলে এতে কিছু অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন শিক্ষকরা।

তাদের অভিযোগ, অতীতের মতো শুক্র ও শনিবারকে শূন্য (০০) দিন হিসেবে গণনা না করে এবার কিছু ছুটিতে এই দিনগুলো যুক্ত করে মোট ছুটির সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে মার্চ ও ডিসেম্বর মাসের ছুটিতে শুক্র-শনিবারকে ছুটির দিন হিসেবে গণনা করায় ছুটি গণনায় অসামঞ্জস্য দেখা দিয়েছে। এতে শিক্ষক ও অভিভাবক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে তারা জানান।

রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার যৌক্তিকতা তুলে ধরে শিক্ষকরা বলেন, সিয়াম পালনরত অবস্থায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান শারীরিক ও মানসিকভাবে কষ্টসাধ্য। অনেক শিক্ষার্থী রোজা রেখে বিদ্যালয়ে আসে, যা তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা বেশি হওয়ায় রোজার সময়ে বিদ্যালয় শেষে পারিবারিক দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়ে বলে তারা উল্লেখ করেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, মু. মাহবুবর রহমান ও খায়রুন নাহার লিপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে, রমজান মাসের বাস্তবতা বিবেচনায় নিয়ে ছুটির তালিকা পুনর্মূল্যায়ন ও সংশোধন করে নতুনভাবে প্রকাশ করা হোক।

শিক্ষকরা আশা করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন