ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েশন এখন অনেকেরই পেশা। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে নিয়মিত ভিডিও প্রকাশ করে আয় করার স্বপ্ন দেখছেন অসংখ্য তরুণ। তবে উন্নত ক্যামেরা, দামি সফটওয়্যার কিংবা জটিল এডিটিং অ্যাপের অভাবে অনেকেই পিছিয়ে পড়েন। এই সমস্যার সহজ সমাধান এনে দিয়েছে এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল। আশার কথা হলো—এর অনেকগুলোই বিনামূল্যে ব্যবহার করা যায়।
ভিড ডট আইও (VEED.IO)
শর্ট ভিডিও বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে জনপ্রিয় এই টুলটি ব্যবহার করা বেশ সহজ। সাইন আপ করার পর ‘ক্রিয়েট প্রোজেক্ট’ অপশনে গিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্বাচন করে ভিডিও আপলোড করলেই শুরু করা যায়। এতে স্বয়ংক্রিয় সাবটাইটেল, ব্যাকগ্রাউন্ড অডিও ও নানা এডিটিং সুবিধা রয়েছে।
ডেস্ক্রিপ্ট (Descript)
যারা স্ক্রিপ্টনির্ভর ভিডিও তৈরি করতে চান, তাদের জন্য ডেস্ক্রিপ্ট একটি কার্যকর এআই টুল। টেক্সট ডকুমেন্টের মতো করে লেখা সম্পাদনা করলেই ভিডিও পরিবর্তন হয়ে যায়। পডকাস্ট, ব্যাখ্যামূলক ভিডিও বা শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে এটি বেশ জনপ্রিয়।
ইনভিডিও (Invideo)
ইনভিডিওতে শুধু ভিডিও সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দিলেই এআই নিজে থেকেই ভিডিও তৈরি করে দেয়। কনটেন্টের ধরন, ভয়েসওভার এবং স্টাইল নির্ধারণ করলে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও জেনারেট হয়। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি সময় বাঁচানোর দারুণ উপায়।
ওয়াইসকাট (Wisecut)
ওয়াইসকাট ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশ ও নীরবতা স্বয়ংক্রিয়ভাবে বাদ দেয়। পাশাপাশি নিজে থেকেই সাবটাইটেল যুক্ত করে দেয়। দ্রুত ও ঝামেলাহীন ভিডিও এডিটিংয়ের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।
যারা বিনিয়োগ ছাড়াই সোশ্যাল মিডিয়ার জন্য মানসম্মত ভিডিও তৈরি করতে চান, তাদের জন্য এসব এআই টুল হতে পারে বড় সহায়ক। শুধু ভিডিও রেকর্ড করুন, প্রয়োজন অনুযায়ী টুল বেছে নিন এবং সহজেই তৈরি করুন আকর্ষণীয় কনটেন্ট।

