জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ও ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিবের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।
প্রথম ৮ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম (শিবির) পেয়েছেন ৮১০ ভোট, অন্যদিকে একেএম রাকিব (ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ সমর্থিত) পেয়েছেন ৮০৪ ভোট। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ৬ ভোট।
জিএস পদে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪২২ ভোট। এ পদে ব্যবধান দাঁড়িয়েছে ৪০৩ ভোটে।
এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট, আর ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৬৫০ ভোট। এখানে ব্যবধান ১৪৯ ভোট।
বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার ড. আনিছুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটে ভোট গণনা শুরু হয়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত চারটি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন করা হয়। প্রথমে ম্যানুয়ালি ভোট গণনা করা হয়, পরে তা ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা হয়। তবে কারিগরি ত্রুটির কারণে মধ্যরাত পর্যন্ত ভোট গণনা কার্যক্রম বন্ধ ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোট কেন্দ্রে মোট ১৭৮টি বুথে ১১ হাজারের বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটারের প্রায় ৬৬ দশমিক ১৮ শতাংশ।

