‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’ মুক্তির আগেই বক্স অফিসে সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ভারতের সবচেয়ে বড় হরর-কমেডি সিনেমা হিসেবে আলোচিত ছবিটি উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে।
পরিচালক মারুথির নির্মাণে তৈরি এ ছবির উত্তর আমেরিকায় প্রি-সেল শুরু হয়েছে কয়েক দিন আগে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৪১৯টি লোকেশনে ১ হাজার ১৮০টির বেশি শোতে প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এতে এখন পর্যন্ত আয় হয়েছে আনুমানিক ৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে শুধু প্রিমিয়ার শো থেকেই এসেছে প্রায় ৫ লাখ ৬২ হাজার ডলার।
শুরুর দিকে অগ্রিম বুকিংয়ের গতি তুলনামূলক ধীর থাকলেও সাম্প্রতিক সময়ে বিক্রিতে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। বিশেষ করে রবিবার থেকে সোমবারের মধ্যে টিকিট বিক্রি দ্রুত বেড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মুক্তির আগের বাকি দিনগুলোতে এই প্রবণতা আরও জোরদার হবে।
আগামী ৯ জানুয়ারি সংক্রান্তি উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য রাজা সাব’। একই সময়ে মুক্তি পাচ্ছে বিজয় অভিনীত একটি তামিল সিনেমা এবং চিরঞ্জীবীর নতুন ছবি। তুলনামূলকভাবে প্রভাসের ছবিটির শো সংখ্যা বেশি হলেও অগ্রিম বিক্রিতে এটি এখনো তামিল ছবিটির চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে।
এদিকে, প্রভাসের নিজ রাজ্যে এখনো ছবিটির অগ্রিম বুকিং শুরু না হওয়ায় মুক্তির পর বক্স অফিসে এর প্রভাব নিয়ে দর্শক ও বিশ্লেষকদের কৌতূহল আরও বেড়েছে।
‘দ্য রাজা সাব’ সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত ও বোমান ইরানি। চলতি বছরে প্রভাসের আরও একটি নতুন সিনেমা মুক্তির কথা রয়েছে, যা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

