বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমিক শহরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কারপেন্টার স্ট্রিটের একটি অংশ এখন থেকে ‘বেগম খালেদা জিয়া স্ট্রিট’ নামে পরিচিত হবে।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশের নাম পরিবর্তনের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য দায়িত্ব পালন করছেন, যাদের উদ্যোগ ও সক্রিয় ভূমিকার ফলেই এই নামকরণ সম্ভব হয়েছে বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিরা এই সিদ্ধান্তকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তাদের মতে, এটি কেবল একটি সড়কের নামকরণ নয়, বরং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবদানকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নেতাদের নামে সড়কের নামকরণ এই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যের আরেকটি অধ্যায় যুক্ত হলো।

স্থানীয় কমিউনিটির নেতারা মনে করছেন, এই উদ্যোগ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের দেশের ইতিহাস, রাজনীতি এবং জাতীয় নেতৃত্ব সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

হ্যামট্রমিক শহর বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জনপদের জন্য পরিচিত। সেখানে একজন বাংলাদেশি সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান প্রভাব ও রাজনৈতিক সক্ষমতার প্রতিফলন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন