দিল্লি ও আগরতলার পর এবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (৭ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর ফলে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক, চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আপাতত দেওয়া হচ্ছে না।
কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমানে উপ-হাইকমিশনে কেবল ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ চালু রয়েছে। পাশাপাশি কনস্যুলার সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সূত্র মতে, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা সেবা স্থগিত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। সে সিদ্ধান্তের পর থেকে সংশ্লিষ্ট মিশনগুলোতে এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি।

