রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

খাজার বিদায়ী টেস্ট জয়, অ্যাশেজের দারুণ সমাপ্তি অস্ট্রেলিয়ার

ডেস্ক রিপোর্ট।।

সিডনিতে পঞ্চম দিনের সকালে মাত্র ১৩.২ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ৩০২ রান করা ইংল্যান্ড শেষ দিনে যোগ করতে পারে মাত্র ৪০ রান। ফলে ৩৪২ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার সামনে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করায় সফরকারীরা।

ইংল্যান্ডের শেষ ভরসা জ্যাকব বেথেল ১৫৪ রান করে আউট হন। মিচেল স্টার্কের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে জশ টাংকে বিদায় করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন স্টার্ক।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া শুরুটা ভালোই করে। ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে জশ টাঙের বলে ২৯ রান করে হেড আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর একই বোলারের আঘাতে ৩৪ রান করে সাজঘরে ফেরেন ওয়েদারাল্ড।

মাঝে কিছুটা চাপ সৃষ্টি করে ইংল্যান্ড। উইল জ্যাকসের বলে স্টিভ স্মিথ বোল্ড হয়ে ফেরেন ১২ রান করে। বিদায়ী টেস্ট খেলতে নামা উসমান খাজাও বড় ইনিংস খেলতে পারেননি; জশ টাঙের বলে তিনি আউট হন ৬ রানে। এরপর মারনাস লাবুশেন ৩৭ রান করে রানআউটে কাটা পড়লে ম্যাচে উত্তেজনা বাড়ে।

তবে শেষ পর্যন্ত অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ক্যারি অপরাজিত থাকেন ১৬ রানে এবং গ্রিন করেন ২২ রান। কোনো উইকেট না হারিয়ে বাকি ৩৯ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

ম্যাচে প্রথম ইনিংসে ১৬৩ ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করা ট্রাভিস হেড নির্বাচিত হন ম্যাচসেরা। পুরো সিরিজে ব্যাট হাতে ২০২ রান ও বল হাতে ৩১ উইকেট নিয়ে সিরিজসেরা হন মিচেল স্টার্ক। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন