একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বুধবার গভীর রাতে দেওয়া বক্তব্যে জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমাইয়ার যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যে যুক্তরাষ্ট্র একসময় বর্তমান বৈশ্বিক ব্যবস্থা গঠনে নেতৃত্ব দিয়েছিল, সেই দেশটির মূল্যবোধে আজ বড় ধরনের ভাঙন দেখা যাচ্ছে।
স্টাইনমাইয়ার সতর্ক করে বলেন, বিশ্বকে এমন একটি পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া যাবে না যেখানে নৈতিকতা উপেক্ষা করে শক্তিধর দেশগুলো নিজেদের স্বার্থে সবকিছু দখল করে নেয়। তার ভাষায়, বিশ্ব যেন ‘ডাকাতের আড্ডা’তে পরিণত না হয়—যেখানে কয়েকটি বড় শক্তি অঞ্চল বা পুরো দেশকেই নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করে।
জার্মান প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান বৈশ্বিক সংকটে নীরব থাকা কোনো সমাধান নয়। বিশ্বব্যবস্থা রক্ষায় প্রয়োজন সক্রিয় ও সমন্বিত হস্তক্ষেপ। এ ক্ষেত্রে ব্রাজিল ও ভারতের মতো প্রভাবশালী দেশগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

