সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

১৫ ব্যাংক থেকে আরও ২০৬ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট।।

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা। একই হারকে কাট-অফ রেট হিসেবেও কার্যকর করা হয়।

এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার (৬ জানুয়ারি) ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ ক্রয়ের ফলে ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৃহস্পতিবার মোট ২০৬ মিলিয়ন ডলার কেনা হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় বিনিময় হার ছিল প্রতি ডলার ১২২ দশমিক ৩০ টাকা।

এদিকে নতুন বছর ২০২৬-এর জানুয়ারি মাসে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাজারে তারল্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় অবস্থানকে নির্দেশ করে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন