বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ও উসকানিমূলক বক্তব্যের ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভারতীয় সংস্থাগুলোর পক্ষে বাংলাদেশ দল ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে—এমন বাস্তব আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিকেটাররা স্বল্প সময়ের জন্য বিদেশে গিয়ে খেলেই দেশে ফেরে। কিন্তু সেই সময়টুকুতেও যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে পাঠানো যুক্তিসংগত নয়। তিনি আরও বলেন, শুধু খেলোয়াড় নয়, খেলা দেখতে যাওয়া সমর্থকদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নিতে হয়েছে।

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, বিদ্যমান বাস্তবতায় ভারতের পক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। সে কারণেই বাংলাদেশ ভারতের বাইরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী বলে জানান তিনি।

এদিকে, একই সঙ্গে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং দেশটি থেকে তেল ও চাল আমদানির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে বাংলাদেশ নিজের ক্ষতি করবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখানে প্রধান বিবেচ্য। তবে প্রয়োজন ও কম দামের কারণে চাল আমদানির ক্ষেত্রে কোনো বাধা দেখেন না বলে উল্লেখ করেন তিনি।

ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি কূটনৈতিক মিশনে সাময়িকভাবে ভিসা ইস্যু বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তিনি জানান, যেসব মিশনে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে, সেসব স্থানে আপাতত ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, সৌদি আরবে অনুষ্ঠিতব্য একটি বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ত্যাগ করবেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন