বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা এখনো কাটেনি: প্রেসিডেন্ট পেত্রো

ডেস্ক রিপোর্ট।।

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের হুমকি এখনো বাস্তব বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও আচরণে এই আশঙ্কা আরও জোরালো হয়েছে।

পেত্রোর ভাষ্য, যুক্তরাষ্ট্র এখনও অন্যান্য দেশকে একটি ‘মার্কিন সাম্রাজ্যের অংশ’ হিসেবে দেখছে। ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা প্রকাশ্যে বলার পরই তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস (ICE)-এর কার্যক্রমের কড়া সমালোচনা করেন। তিনি আইস এজেন্টদের আচরণকে ‘নাৎসি ব্রিগেড’-এর সঙ্গে তুলনা করেন। ট্রাম্প প্রশাসন অপরাধ দমন ও অবৈধ অভিবাসন রোধে আইসের অভিযান উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।

সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘ভালো ধারণা’ হতে পারে। পেত্রো অভিযোগ করেন, ট্রাম্প একাধিকবার তাকে ‘নিজের পিঠ বাঁচিয়ে চলতে’ বলেছেন, যা তিনি স্পষ্ট হুমকি হিসেবে দেখছেন।

বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও পেত্রোর মধ্যে এক ঘণ্টার কম সময়ের একটি ফোনালাপ হয়। পরে ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। ফোনালাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনাটিকে ‘বড় সম্মান’ হিসেবে উল্লেখ করেন। সে সময় এক কলম্বীয় কর্মকর্তা দাবি করেন, উভয় পক্ষের অবস্থানে বড় ধরনের পরিবর্তন এসেছে।

তবে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে পেত্রো ইঙ্গিত দেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তব কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন, ফোনালাপে মূলত কলম্বিয়ায় মাদক পাচার, ভেনেজুয়েলার পরিস্থিতি এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

পেত্রো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসনবিরোধী অভিযানের তীব্র সমালোচনা করে বলেন, আইস কেবল লাতিন আমেরিকানদের হয়রানি করছে না, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনও হুমকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এভাবেই একতরফা ক্ষমতা প্রদর্শন করে, তাহলে শেষ পর্যন্ত দেশটি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে কোনো সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব নয়।

পেত্রোর অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে—বিশেষ করে লাতিন আমেরিকায়—আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অন্য দেশগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন