ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বিড়ি খাওয়া প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, বিড়িতে সুখ টান দিয়েও যদি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়া হয়, তাহলে আল্লাহ চাইলে তা মাফ করে দিতে পারেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ওই বক্তব্য তার ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিও বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, যারা নিয়মিত বিড়ি খান, তারা দোকানে গিয়ে বিড়ি ধরিয়ে একটি সুখ টান দিয়ে দেশের অবস্থা ও দাঁড়িপাল্লার কথা বললে সেটিও দাওয়াতের অংশ হতে পারে। তিনি বলেন, এটি তিনি গল্পচ্ছলে বলছেন এবং এতে মানুষ আনন্দ পাচ্ছে।
তিনি আরও বলেন, এমনও হতে পারে—যে ব্যক্তি জীবনে কখনো ইবাদতের সুযোগ পায়নি, সেই ব্যক্তি বিড়ি টানার মাঝেই যদি দাঁড়িপাল্লার দাওয়াত দেয়, তাহলে আল্লাহর কাছে তা কবুল হতে পারে এবং আল্লাহ তার আগের গুনাহ মাফ করে দিতে পারেন।
পুরুষ ভোটারদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, এখন থেকে কম দামে চা খেয়ে বেশি সময় রাজনৈতিক আলোচনা করতে এবং আশপাশের মানুষদের সঙ্গে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলতে। তার দাবি, এতে অন্যরাও একই বক্তব্যে যুক্ত হবে।
নারী ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, নির্বাচনের রাতে নারীরা যেন ঘুম না দেন। ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জেগে থেকে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো খাবার খেয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আহ্বান জানান তিনি। ভোট গণনা শেষে বিজয় মিছিল করে বাড়ি ফেরার কথাও বলেন জামায়াতের এই প্রার্থী।
এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

