রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

স্টার্লিংয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আয়ারল্যান্ডের

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিংকেই অধিনায়ক রেখে দল সাজিয়েছে আইরিশরা। গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে যাওয়া দল থেকে মাত্র একটি পরিবর্তন এনে এই বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জর্ডান নেইল। তার জায়গায় দলে ফিরেছেন পেসার রস অ্যাডায়ার, যিনি হাঁটুর চোট কাটিয়ে আবারও মাঠে নামতে প্রস্তুত। নেইল এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়ায় নির্বাচকদের এই পরিবর্তন প্রত্যাশিত ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

মিডল অর্ডারে আস্থা রাখা হয়েছে বেন ক্যালিটজের ওপর। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। একইভাবে দলে আছেন টিম টেক্টর, যিনি পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্যালিটজ ও টেক্টর—দুজনেরই এটি প্রথম বিশ্বকাপ।

স্পিন বিভাগে জায়গা পেয়েছেন বেন হোয়াইট, ম্যাথু হাম্প্রেস ও গ্যারেথ ডেলানি। দীর্ঘদিন ধরে বোলিং না করা জর্জ ডকরেল এবারও দলে রয়েছেন ব্যাটার হিসেবেই। সবশেষ ১৩ টি-টোয়েন্টি ম্যাচে তিনি বল হাতে ব্যবহার হননি।

পেস আক্রমণে থাকছেন জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, ক্রেগ ইয়ং, মার্ক অ্যাডায়ার ও অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ব্যাটিং ইউনিটে অধিনায়ক স্টার্লিংয়ের সঙ্গে অভিজ্ঞতা যোগ করছেন হ্যারি টেক্টর, লোরকান টাকার ও ক্যাম্ফার।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড খেলবে গ্রুপ ‘বি’-তে। ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। এরপর ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৪ ফেব্রুয়ারি ওমান এবং ১৭ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে আইরিশরা।

গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে।

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হাম্প্রেস, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন