রংপুর মহানগর জামায়াতের আমির ও কাউনিয়া–পীরগাছা আসনের জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তার বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
ভিডিওটি ধারণ করা হয় গত ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায়। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।
প্রায় এক মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এটিএম আজম খান তার বক্তব্যে ‘কোরবানি’ প্রসঙ্গ তুলে বলেন, কেন্দ্র থেকে ফোন করে তাকে জানানো হয়েছিল যে তাকে কোরবানি দেওয়া হয়েছে। এরপর তিনি প্রশ্ন করেন, এটি কি ইব্রাহিম (আ.)–এর পুত্র ইসমাইল (আ.)–এর কোরবানির মতো? জবাবে তাকে বলা হয়, এটি তার চেয়েও বড় কোরবানি।
বক্তব্যে তিনি আরও বলেন, ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল (আ.)–কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মানুষ নয়, পশু কোরবানি হয়। আর তার ক্ষেত্রে পীরগাছা–কাউনিয়া এলাকার লাখো নারী-পুরুষের ত্যাগকে ‘কোরবানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বক্তব্যের পর তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলেন বলেও ভিডিওতে শোনা যায়।
ভিডিওতে এটিএম আজম খান আরও দাবি করেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতিতে এই ত্যাগকে শক্তিতে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করেন। অনেকেই একে ধর্মীয় অনুভূতির সঙ্গে অসংগতিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য বলে আখ্যা দেন।
উল্লেখ্য, এটিএম আজম খান রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির জোটগত সমঝোতার কারণে আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আখতার হোসেনকে সমর্থন দিয়েছেন।

