সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আবার ঊর্ধ্বমুখী সোনার বাজার, ভরিতে বাড়ল সর্বোচ্চ ১,০৫০ টাকা

ডেস্ক রিপোর্ট।।

দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫০ টাকা। এর ফলে নতুন করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দর আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

শনিবার (১০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরিতে ৮৭৫ টাকা বাড়িয়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরিতে ৭৫৮ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

এর আগে গত ৯ জানুয়ারি সোনার দামে সামান্য কাটছাঁট করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৯৭৯ টাকা কমানো হয়। তবে তারও আগে জানুয়ারির প্রথম সপ্তাহে টানা দুই দিনে ভরিতে ৫ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছিল সোনার দাম। কয়েক দফা ওঠানামার পর আবারও ঊর্ধ্বমুখী হলো বাজার।

অন্যদিকে সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের প্রভাবের কারণে আগামী দিনগুলোতেও সোনার দামে আরও ওঠানামা হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন