বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধতা পায়। সকাল ১০টা থেকে শুরু হওয়া দ্বিতীয় দিনের শুনানিতে কমিশন এই সিদ্ধান্ত দেয়।
এর আগে বগুড়া-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে হলফনামায় অসংগতি, ফৌজদারি মামলার তথ্য উল্লেখ না করা, এফিডেভিটে স্বাক্ষরের তারিখে গরমিল এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করার বিষয়গুলো উল্লেখ করা হয়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বৈধ বলে রায় দেয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, রোববার আপিল তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। মাহমুদুর রহমান মান্নার আপিলটি ছিল ১১৬ নম্বর কার্যতালিকায়।

