সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জুলাই গণঅভ্যুত্থান রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ জয় জরুরি: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট।।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন টিকিয়ে রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার (১১ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জাতির সামনে যে নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, তার মূল ভিত্তি হলো ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান। সে সময় তরুণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ জীবন বাজি রেখে রাজপথে নামায় দেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে।

চরমোনাই পীর বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও এখনো ফ্যাসিবাদী আইন-কানুন, রীতি ও সংস্কৃতির পুরোপুরি অবসান হয়নি। দেশ থেকে ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ নিশ্চিত করতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের আইনিভিত্তি প্রতিষ্ঠার জন্যই গণভোট আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করা না গেলে জুলাই গণঅভ্যুত্থানও প্রশ্নের মুখে পড়বে। এজন্য তিনি দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারের প্রতি জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ে জনগণ শুধু নির্বাচন আদায়ের জন্য নয়, বরং একটি মহৎ লক্ষ্য সামনে রেখে রাজপথে লড়াই করেছিল। জুলাই সনদে সেই আকাঙ্ক্ষার বড় অংশ প্রতিফলিত হয়েছে। তবে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তের কারণে জুলাই সনদের আলোচনা আড়ালে চলে গেছে, যা হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর সতর্ক করে বলেন, জুলাই সনদের পক্ষে ব্যাপক জনসমর্থন দৃশ্যমান না হলে অন্তর্বর্তী সরকার, নির্বাচনসহ পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ও সামাজিক আলোচনাকে জারি রাখা জরুরি।

একই সঙ্গে তিনি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তার মতে, জননিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে এবং এ বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন