বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চীন ও বাংলাদেশকে নজরে রাখতে ভারতের নতুন পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট।।

চীনের নৌ-সক্রিয়তা বৃদ্ধির প্রেক্ষাপটে এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গোপসাগরে নতুন নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে ভারতের নৌবাহিনী একটি ছোট আকারের নৌঘাঁটি তৈরি করতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি ও নজরদারি জোরদার করা। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের ক্রমবর্ধমান নৌ উপস্থিতি এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অনুপ্রবেশের আশঙ্কা হলদিয়া ঘাঁটির গুরুত্ব আরও বাড়িয়েছে।

নৌবাহিনীর শীর্ষ সূত্র জানিয়েছে, হলদিয়ার এই ঘাঁটি মূলত একটি ‘ডিটাচমেন্ট’ হিসেবে কাজ করবে, যেখানে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (এফআইসি) এবং ৩০০ টন ওজনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট (এনডব্লিউজেএফএসি) মোতায়েন করা হবে। এই জলযানগুলো ঘণ্টায় ৪০ থেকে ৪৫ নট গতিতে চলতে সক্ষম এবং এতে সিআরএন-৯১ গান সংযোজনসহ নাগাস্ত্রা লয়টারিং মিউনিশনের মতো উচ্চক্ষমতার অস্ত্র ব্যবহারের সুযোগ থাকবে।

প্রাথমিক পর্যায়ে, বিদ্যমান হলদিয়া ডক কমপ্লেক্সের দবাকেন্দ্রে অবকাঠামো নির্মাণ ছাড়াই কার্যক্রম শুরু করা হবে। একটি আলাদা জেটি এবং তীরভিত্তিক সহায়ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রায় ১০০ জন নৌ কর্মকর্তা ও নাবিক এখানে মোতায়েন থাকবেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই পদক্ষেপ সমুদ্রপথ রক্ষা, আঞ্চলিক নজরদারি এবং প্রাথমিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি বঙ্গোপসাগরে কৌশলগত ভূমিকা জোরদার করবে। কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি দ্রুত বঙ্গোপসাগরে পৌঁছানোর সুবিধা দেবে।

২০১৪ সালের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি) ১২০টি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং ৩১টি নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট কেনার অনুমোদন দিয়েছে। এই জলযানগুলো উপকূলীয় টহল, বন্দর নিরাপত্তা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং বিশেষ সামরিক অভিযানে ব্যবহারযোগ্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন